আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফর করবেন। ওই দিন তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিন বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা করেছে সিলেট জেলা প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় রাষ্ট্রপতির সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। সরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার পাশাপাশি কার্যালয় পরিসর পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। নগরের সড়কগুলো চলাচল উপযোগী রাখা, অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নগরের রাস্তার পাশের সিএনজি অটোরিকশা স্টেশনগুলো লালদিঘীর পাড়ে স্থানান্তরেরও নির্দেশ প্রদান করা হয়। এছাড়া রাষ্ট্রপতির বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সারা শহরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।