ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) উত্তরা ক্যাম্পাসে গত শনিবার ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৫–২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাঙ্গনের নতুন অর্জন এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। সভাপতিত্ব করেন ডিআইএসের অধ্যক্ষ নাজাহ্ সালাওয়াত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, অক্সফোর্ড একিউএ বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা এবং পারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন।
দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম ধাপে ডিআইএস রেজিস্টার্ড ক্যামব্রিজ আর্লি ইয়ার্স সেন্টার হিসেবে স্বীকৃতি লাভের বিষয়টি উদযাপন করা হয়। এছাড়া আর্লি ইয়ার্স পর্যায়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন, সনদ উন্মোচন, অর্জন তুলে ধরা, পুরস্কার বিতরণ, গ্র্যাজুয়েশন ওয়াক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অধ্যক্ষ নাজাহ্ সালাওয়াতের সঞ্চালনায় ক্যামব্রিজ আর্লি ইয়ার্স কারিকুলাম নিয়ে বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ ফাহিম ফয়সালের অংশগ্রহণে আয়োজিত এই আলোচনায় খেলার ছলে শিক্ষা ও প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে প্রাইমারি থেকে আপার সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। এতে হেড বয় ও হেড গার্লের শপথ গ্রহণ, প্রিফেক্ট ব্যাজ সেরিমনি, পুরস্কার ও সনদ প্রদান, গ্র্যাজুয়েশন ওয়াক ও সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রধান অতিথির সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সেশন। মো. সবুর খান শিক্ষার্থীদের উৎকর্ষ অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং লক্ষ্যের প্রতি অটল থাকার আহ্বান জানান।
শেষে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, প্রিফেক্ট ব্যাজ, ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ভলান্টিয়ার সার্টিফিকেট, ক্যামব্রিজ লার্নার অ্যাট্রিবিউটস ব্যাজ এবং চেকপয়েন্ট, আইজিসিএসই ও আইএএল হাই অ্যাচিভার্স সার্টিফিকেট বিতরণ করা হয়।