মুন্সীগঞ্জের গজারিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং পণ্যের মূল্যতালিকা না প্রদর্শনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বালুয়াকান্দি এলাকার মিয়ামি রেস্টুরেন্টে গিয়ে কর্মকর্তারা লঙ্ঘনগুলো লক্ষ্য করেন। সেখানে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রাখা ছিল। এছাড়া ডাস্টবিন খোলা রাখা এবং রান্নাশালায় হাত ধোয়ার সাবান না থাকার বিষয়টিও নজরে আসে। এসব অনিয়মের জন্য রেস্টুরেন্টটির ম্যানেজার আল-আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মুয়াজ স্টোরে অভিযান চালালে পণ্যের মূল্যতালিকা না টাঙানো দেখা যায়। এতে ব্যবস্থাপক মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়।

সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।