জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে হাঁসুয়া দিয়ে কোপানোর উদ্দেশ্যে ঢোকায় এক যুবক। তবে ওয়ার্ডে প্রবেশের পরপরই রোগীর স্বজনরা তাকে আটক করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।
গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শাকিল আহাম্মেদ (২৮)। তিনি কালাই উপজেলার ছত্রগ্রাম এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তি ছিলেন তার দুলাভাই মিনহাজুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মিনহাজুল ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এরপর শনিবার বিষপানের চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন মিনহাজুল।
শাকিলের অভিযোগ, মিনহাজুল প্রায়ই তাকে মারধর করতেন। শনিবারও তাই হয়েছে। এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে দুলাভাইকে শাস্তি দিতে দুটি হাঁসুয়া নিয়ে হাসপাতালে আসেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, হাঁসুয়া হাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরুষ ওয়ার্ডে ঢুকে মিনহাজুলের দিকে এগিয়ে যাওয়ার সময়ই রোগীর স্বজনরা তাকে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে হাঁসুয়া দুটি উদ্ধার করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে পৌঁছে শাকিলকে আটক করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী মুক্তকণ্ঠকে বলেন, "সোমবার সকালে সদর থানার এসআই শাহজাহান আলী বাদী হয়ে আটক শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।"