আজ সোমবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা এক কারাবন্দী মারা গেছেন। তাঁর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে একই হাসপাতালে তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। তাঁদেরও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে আনা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালেই তাঁদের জরুরি বিভাগে আনা হয়।
আলী আকবর মণ্ডলের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।