বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, এটি কেবল একটি সড়ক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুমের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী সাইফুর রহমানকে জাতির সম্পদ ও দলের গৌরব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাইফুর রহমান ছিলেন জাতির সম্পদ এবং বিএনপির গৌরব। বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তিনি ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। দেশে-বিদেশে তার অর্জন স্বীকৃত। সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদকে হারানোর ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো চক্রান্ত আছে, সেটি আমাদের অনুসন্ধান করে বের করতে হবে।
সাবেক এই অর্থমন্ত্রীর অর্থনৈতিক সংস্কারের ইতিহাস তুলে ধরে রিজভী জানান, মূল্য সংযোজন কর (ভ্যাট) চালুর সময় ব্যাপক সমালোচনা হলেও পরবর্তী সময়ে কোনো সরকারই তা বাতিল করেনি; বরং দেশের রাজস্ব আদায়ে ভ্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সাইফুর রহমানের সময়ে দেশের অর্থনীতি ছিল সুশৃঙ্খল। ব্যাংক লুট, ব্যাপক অর্থপাচার কিংবা ঘাটতি বাজেট পূরণে ব্যাংকিং খাত থেকে অপরিকল্পিত ঋণ নেওয়ার মতো ঘটনা তখন শোনা যায়নি। তার দূরদর্শী নীতি ও ব্যবস্থাপনার কারণেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থানে ছিল।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে তাঁর অবদান স্মরণ করে রিজভী বলেন, উত্তরাঞ্চলের মৌসুমি অভাব বা ‘মঙ্গা’ মোকাবিলায় তিনি বিকল্প কর্মসংস্থান ও কৃষি বহুমুখীকরণের ওপর জোর দিয়েছিলেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তিনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন, যা দারিদ্র্য বিমোচনে বড় অবদান রাখে।
তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থায় সাইফুর রহমানের সম্পৃক্ততা ও সম্মান দেশের জন্য গৌরবের বিষয় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তিনি মেধা ও প্রজ্ঞা দিয়ে এ দেশের অর্থনীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
মরহুম এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন.