ব্যাংক এশিয়া পিএলসি দেশের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে মাসব্যাপী একটি উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করছে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠানটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ঢাকার লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। তিনি নতুন করে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই মোহাম্মদ সাইফুদ্দৌলা উপস্থিত ছিলেন। অন্যদিকে, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আখতারউদ্দিন মাহমুদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। লক্ষ্য হলো, তারা যেন সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতার সাথে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে।