যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালত গুগলের সাবেক সফটওয়্যার প্রকৌশলী লিনওয়েই ডিংকে প্রায় এক বছর কারাদণ্ড দিয়েছে। চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কোম্পানির গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্য পাচারের অভিযোগে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। বিচারিক আদেশ অনুযায়ী, ডিংকে ১ লাখ ৮৯ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ এবং ২৫ হাজার ডলার জরিমানা পরিশোধ করতে হবে। কারাদণ্ড শেষে দুই বছর নজরদারির মধ্যে থাকতে হবে তাঁকে।
১১ দিনব্যাপী বিচারের পর আদালত ডিংয়ের বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য চুরির সাতটি এবং অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির সাতটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে। তবে পরবর্তীতে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির সকল অভিযোগ থেকে তিনি অব্যাহতি পান। মামলার তদন্ত রিপোর্টে উঠে আসে, ডিং গুগল থেকে চুরি করা নথিগুলোতে এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিস্তারিত তথ্য ছিল। এর মধ্যে রয়েছে গুগলের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রযুক্তির ডেটা। এ ছাড়া হাজার হাজার চিপকে সংযুক্ত করে সুপারকম্পিউটার গঠনের সফটওয়্যার এবং এআই সুপারকম্পিউটার ও ক্লাউড নেটওয়ার্কের যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত স্মার্টনিক প্রযুক্তির তথ্যও চুরি হয়েছিল।
গুগলের এআই অবকাঠামোর এসব তথ্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে গণ্য হয়। নিজস্ব টিপিইউ ব্যবহার করে বড় এআই মডেল প্রশিক্ষণের সময় বাইরের চিপ নির্মাতা যেমন এনভিডিয়ার ওপর নির্ভরতা কমানোর সুযোগ রাখে কোম্পানি। অন্য প্রতিষ্ঠান হাতে পেলে এসব প্রযুক্তির নকশা ও কার্যপ্রণালি জানা যায়, যা দীর্ঘ ও ব্যয়বহুল গবেষণা থেকে রক্ষা করে।
চীনা নাগরিক লিনওয়েই ডিং ‘লিওন ডিং’ নামেও পরিচিত। ২০১০ সালে স্নাতকোত্তর শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে গমন করেন তিনি। সিলিকন ভ্যালির কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করার পর ২০১৯ সালে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গুগলে যোগ দেন। ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেন। গুগলে কর্মরত অবস্থায় এআই সুপারকম্পিউটিং ডেটা সেন্টারের গোপন ব্যবস্থায় প্রবেশের সুযোগ তাঁর ছিল।