রংপুরের তারাগঞ্জে এক রাতেই চারটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। চুরি করা মিটারগুলো ফেরত দেওয়ার শর্তে ৫ হাজার টাকা দাবি করেছে অপরাধীরা। এই দাবির কথা জানাতে মিটার বোর্ডের গায়ে একটি মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরেরা।

শনিবার দিবাগত রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোদ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিল, ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশন এবং ওই এলাকার তারিকুল ও মইনুলের আরও দুটি মিটার চুরি হয়েছে।

ভুক্তভোগী মাহে আলম জানান, "একই রাতে চারটি মিটার চুরি হয়েছে। পরে আমার চুরি হওয়া মিটার বোর্ডে একটি মোবাইল নম্বর লিখে রাখা হয় এবং মিটার ফেরত পেতে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। পরে ওই নম্বরে ফোন করলে মিটার ফেরত নেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়।"

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, "চারটি বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় দুজন মিটারের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মিটারের গায়ে লেখা নম্বরটি চালু আছে। নম্বরটির লোকেশন রংপুর থেকে অনেক দূরে। আমরা ধারণা করছি স্থানীয় একটি চক্র ওই ব্যক্তির সঙ্গে মিলে চুরি করেছে। চুরি যাওয়া মিটারগুলো উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।"