কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা বিমানবন্দরের ওএলএস ফানেল ও রেড জোনে গড়ে ওঠা বহুতল ভবন নিয়ে তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন। জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্ব হলো ওএলএস ফানেল ও রেড জোনের মধ্যে নির্মিত, নির্মাণাধীন ও পরিকল্পিত যেকোনো বহুতল ভবন চিহ্নিত করা। এছাড়া এসব ভবনের উচ্চতা ছাড়পত্র ও জিপিএস কোঅর্ডিনেশনের তথ্য যাচাই করার পাশাপাশি বিমানবন্দরের ওএলএস ও রেডিয়াস অনুযায়ী ভবনের উচ্চতা সীমা এবং রেড জোনের আওতাভুক্ত মৌজাগুলোর তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তথ্য, মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন বলেন, "দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর ক্ষেত্রে ওএলএস এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ভবন নির্মাণ বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ভবনগুলোর অনুমোদন ও উচ্চতার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত চিহ্নিত কিছু ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।"

গত ২৩ জুলাই মুক্তকণ্ঠে ‘বহুতল ভবনে আটকে যাচ্ছে কুমিল্লা বিমানবন্দরের ভবিষ্যৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে বিমানবন্দরের ওএলএস ফানেল ও রেড জোনে বহুতল ভবন নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পরপরই সিটি কর্পোরেশন এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।