জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছে। প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে এই কর্মসূচির আওতা রয়েছে। সাধারণত ১২ সপ্তাহের গ্রীষ্মকালীন এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপান থেকে অংশগ্রহণকারীদের সুযোগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং এবং ডেটা ও ইনসাইটস বিভাগে বেশির ভাগ পদ থাকলেও অন্যান্য শাখায়ও নিয়োগ চলবে।
বাস্তব প্রকল্পে সরাসরি কাজ করার সুযোগ পাবেন ইন্টার্নরা। প্রতিষ্ঠানের দলগুলোর সঙ্গে সমন্বয় করে তারা পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি কোম্পানির কার্যপদ্ধতি সম্পর্কে হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ ও পরামর্শ পাওয়ার পাশাপাশি প্রযুক্তি ও বিনোদনশিল্প বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পদের ধরন অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে। তবে প্রতিটি পদের জন্য স্বতন্ত্র শিক্ষাগত মানদণ্ড ও অন্যান্য শর্ত প্রযোজ্য। নির্বাচিতদের সংশ্লিষ্ট দেশের অফিসে গিয়ে পুরো ১২ সপ্তাহের কর্মসূচি সম্পন্ন করতে হবে।
বেতনসহ এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা পূর্ণকালীন কর্মীর মতোই কাজের পরিবেশে অভিজ্ঞ হবেন। তাদের আগ্রহ ও দক্ষতার সাথে সামঞ্জস্য রেখে উপযুক্ত দল ও প্রকল্পে যুক্ত করা হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।