রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এ (International Festival of Youth 2026) অংশগ্রহণকারী বাংলাদেশি দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউস এবং বাংলাদেশে আন্তর্জাতিক যুব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক যুব সহযোগিতা ও রাশিয়ায় বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী যুবসমাজকে একসূত্রে বাঁধতে এই সভাটি আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ান হাউসের পক্ষ থেকে জানানো হয়, সভায় অংশগ্রহণকারীদের আসন্ন উৎসব সম্পর্কে সার্বিক ধারণা দেওয়া হয়।

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত যুববিষয়ক রাশিয়ার কেন্দ্রীয় সংস্থা রোজমোদোলেজের (Rozmodoloz) উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের আয়োজনে এই ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজারেরও বেশি যুব প্রতিনিধি এই ফেস্টিভ্যালে অংশ নেবেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে অর্ধশতাধিক অংশগ্রহণকারী রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগের আসরে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিরা এই সভায় যোগ দেন। তারা আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক তরুণদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শ বিনিময় করেন।