কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান 'অলীন' সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের কাছ থেকে নতুন বিনিয়োগ পেয়েছে। আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির ক্ষেত্রে এই অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন বিনিয়োগের মাধ্যমে গবেষণা ও পণ্য উন্নয়ন দ্রুততর করা হবে। এছাড়া গ্রাহক সেবা বাস্তবায়ন ও সাপোর্ট সক্ষমতা জোরদার, বিশেষায়িত প্রযুক্তি ও ব্যবসায়িক জনবল নিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বৃদ্ধিতে এই তহবিল ব্যবহার করা হবে।

ব্যবসায়িক গ্রাহক সম্পৃক্ততা ও পরিচালন দক্ষতা উন্নত করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রযুক্তি সমাধান তৈরি করে অলীন। প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে ওমনিচ্যানেল কাস্টমার এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম, এআই-চালিত চ্যাটবট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সমাধান।

এ বিষয়ে অলীন-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের সমর্থন আমাদের ভিশন ও সক্ষমতার প্রতি শক্তিশালী আস্থার প্রতিফলন।’

প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবসার উৎপাদনশীলতা, গ্রাহক অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন দ্রুত বদলে দিচ্ছে। অলীন যে সমস্যাভিত্তিক ও ব্যবহারযোগ্য এন্টারপ্রাইজ প্রযুক্তি তৈরি করছে, তার আন্তর্জাতিক বাজারে বড় হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।’