বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রোববার (৬ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে যান। দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট অবতরণ করলে তিনি সরেজমিনে ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রম তদারকি করেন।

ফ্লাইটের কার্গো হোল্ড খোলার শুরু থেকে যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমানো অত্যন্ত জরুরি। উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে তিনি নির্দেশনা দেন।

এছাড়াও, কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে এবং অগ্রগতি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানোর লক্ষ্যে বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনেরও নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের ওয়াশরুমগুলোর পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন মন্ত্রী। তিনি বিভিন্ন ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে ওয়াশরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।