নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় নিচে পড়ে আহত হয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সোহাগ চৌধুরী (৩৫)। তিনি একই ইউনিয়নের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চরজব্বর থানা–পুলিশের একটি দল সোহাগকে গ্রেপ্তার করতে নবীর বাজার এলাকায় যায়। পুলিশ দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। দৌড়ানোর একপর্যায়ে নিচে পড়ে গিয়ে আহত হন তিনি। এ সময় এলাকাবাসী তাঁকে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে ওই পল্লি চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, ‘সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল গিয়েছিল। দূর থেকে তিনি পুলিশের সদস্যদের দেখে পালিয়ে যান। দৌড়ে পালানোর সময় তিনি আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’