মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে বিএনপি কার্যালয়ের পাশেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে যান। সেখানে পড়ে থাকা ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ব্যস্ততম এলাকায় এ বিস্ফোরণের ফলে বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার কারণ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির কর্মসূচি নির্ধারিত ছিল। কর্মসূচির ঠিক আগে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস মুক্তকণ্ঠকে জানান, "পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।"