গাজীপুরের রাজেন্দ্রপুরে চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা লুট করে পালানো গাড়িচালক জাহিদ হাসান (৩০) ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া এলাকা থেকে জাহিদ, তার স্ত্রী নাছিমা আক্তার (২৪) এবং মামা মো. আক্তারুজ্জামান (৫১)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৯৭ লাখ ৩ হাজার টাকা, একটি মুঠোফোন এবং নতুন কেনা আসবাবপত্র জব্দ করা হয়েছে।

ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেড নামের কারখানাটির শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য গাড়িতে রাখা ওই টাকা ছিল। গত ২ সেপ্টেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান চীনের নাগরিক ইউ শ্যালিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন জাহিদ হাসান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামালে ইউ শ্যালি ভেতরে যান। এ সুযোগে গাড়িচালক গাড়িটি গুলশানের একটি কফি শপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। খাবার শেষে ফিরে এসে চেয়ারম্যান গাড়ি ও চালক না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চালকের ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঝিনাইদহ সদরের একটি বাসা থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামা মো. আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে আরও ১ লাখ ৩ হাজার টাকা এবং স্ত্রী নাসিমা আক্তারের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমাজদ হোসেন জানান, চুরি করা টাকা দিয়ে জাহিদ হাসান নতুন একটি বাসা ভাড়া নেন, আসবাবপত্র কিনেন এবং ৩৩ হাজার টাকায় একটি মুঠোফোন ক্রয় করেন। মোট ১ লাখ ২০ হাজার টাকা এই খরচে ব্যয় করেন তিনি।

পুলিশ সুপার আমাজদ হোসেন বলেন, "ওই ঘটনায় যেহেতু নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হয়েছে, তাই উদ্ধার হওয়া টাকা, জব্দ করা মালামাল ও গ্রেপ্তার ব্যক্তিদের রূপগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জাহিদ হাসান গত ৩ এপ্রিল থেকে ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইউ শ্যালির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।