চট্টগ্রামের চন্দনাইশে শনিবার বিকেলে যাত্রীবাহী এসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন, যাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ শাহ সুফি মাজার গেটের বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারমুখী ‘তিশা প্লাটিনা’ নামের এসি বাসের সঙ্গে পটিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ পাঁচ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে মৃত ঘোষণা করেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আবদুর গফুর নামের অপর একজন যাত্রীও মারা যান। বর্তমানে আহত বাকি তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার তোফায়েল মো. মোরসালিন (২২) ও চন্দনাইশের আবদুর গফুর (৫৫)। আহত ব্যক্তিরা হলেন সানজিদা আক্তার সুমাইয়া (২১), আরিফ (৪০) ও সিএনজিচালক সাইমুন হোসেন (২০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।