ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একাধিক ইউনিট মালয়েশিয়া থেকে অবৈধ পথে রিয়াউ প্রদেশে প্রবেশের চেষ্টাকালে গত সোমবার ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে আটজন ইন্দোনেশীয় ও আটজন বাংলাদেশি নাগরিক। সীমান্ত লঙ্ঘনের জন্য তারা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।

দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর সময় তাদের ধরা হয়। দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

আগুং বলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ দলকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলে তাঁদের পথরোধ, নজরদারি ও অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত। অভিযানে অংশ নেওয়া সদস্যদের তিনটি দলে ভাগ করা হয়েছিল।

নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ছাড়াও নৌবাহিনীর আরও কয়েকটি ইউনিট অভিযানে অংশ নেয়। এর মধ্যে রয়েছে ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১/বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স। নৌবাহিনীর দলগুলো সুঙ্গাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে অভিযানে অংশ নিতে রওনা হয়।