ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে জামিন দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুস সালাম (৪৯) ও মো. সুরুজ (২৬)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের মোবাইল নম্বর সংগ্রহ করত। সেই এলাকার আসামিদের সম্পর্কে তথ্য নিয়ে তারা পরিবারের সদস্যদের ফোন করত। একজন নিজেকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের কারারক্ষী ‘সাইফুল’ বলে পরিচয় দিত। পরে জানানো হতো, মানবাধিকার সংস্থার আইনজীবীর মাধ্যমে আসামির জামিন হয়েছে। সেই আইনজীবী সেজে অপর সহযোগীর নম্বর দেওয়া হতো।
আইনজীবী সেজে ওই ব্যক্তি আদালতের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার কথা বলে ভুক্তভোগীদের নিকটস্থ কোনো দোকানের বিকাশ পার্সোনাল নম্বরে টাকা পাঠাতে বলত। টাকা পাঠানোর পরই তারা অর্থ তুলে নিয়ে মোবাইল নম্বর বন্ধ করে আত্মগোপন করত।
ডিবি জানায়, গত ১ জুলাই হাতিরঝিল থানায় বিকাশ/নগদ প্রতারণার একটি মামলা দায়ের হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সদস্যদের শনাক্ত করে বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।