ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতা, সদস্য, কর্মী বা সমর্থকদের মধ্যে কেউ যদি ইসলাম, কোরআন-সুন্নাহ বা সংগঠনের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কাজে জড়িয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের সভাপতি রিদওয়ান মাযহারী এই সতর্কবার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আসর নামাজের পর রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ ক্যাম্পাস শাখার দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সভায় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, "নিজেদের ইসলাম ও কোরআন-সুন্নাহবিরোধী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের আদর্শ, নীতি ও শৃঙ্খলাবিরোধী সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে।"

ইসলাম, জমিয়ত ও ছাত্র জমিয়তের স্বার্থ ও নৈতিকতার ক্ষেত্রে কোনো আপস গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, "কোনো ব্যক্তির পদ, পরিচয় কিংবা সাংগঠনিক অবস্থান তার অনৈতিক বা আদর্শবিরোধী কর্মকাণ্ডের ঢাল হতে পারে না। কারও বিষয়ে কোনো ধরনের পক্ষপাত, ছাড় বা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।"

দায়িত্বশীল সদস্যদের ব্যক্তিগত জীবন, সাংগঠনিক আচরণ ও কর্মকাণ্ডে ইসলামের মূল্যবোধ ও সংগঠনের আদর্শ ফুটে উঠবে—এটাই সংগঠনের প্রত্যাশা বলে তিনি মনে করেন। এ উপলক্ষে তিনি সকলকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান। ব্যক্তিগত স্বার্থকে সংগঠনের সামগ্রিক স্বার্থের ঊর্ধ্বে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি।

ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন।