দেশের তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বয়স সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত এবং সংশ্লিষ্ট উপজেলায় বসবাসরত তরুণরা জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারবেন। এই সহায়তার অর্ধেক হবে ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এই বিশেষ কর্মসূচির আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করা হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, গবাদিপশু পালন, পর্যটন, সেবা খাত ও প্রযুক্তিনির্ভর ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রের প্রস্তাব বিবেচনা করা হবে।

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা—এই আটটি জেলায় কর্মসূচিটি চালু হবে। ধীরে ধীরে এটি ৬৪টি উপজেলায় সম্প্রসারিত হলে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন। এরপর সারা দেশে এটি সম্প্রসারণ করে প্রতি বছর পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। কোনো জামানত ছাড়াই এই ঋণ পাওয়া যাবে। তবে ঋণগ্রহীতা যদি নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হন, তবে অনুদানের অংশটি একটি সুদমুক্ত ঋণে পরিণত হবে। সেই ক্ষেত্রে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়ে ভবিষ্যতে অন্য কোনো ব্যাংকঋণ পাওয়ার জন্য অযোগ্য বলে গণ্য হবেন।

এই স্কিমের জন্য প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অ্যাকাউন্ট থেকে অর্থ সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিলটি গঠন করবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুবিধা পাবেন, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে।

আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার জারির পর এক মাসের মধ্যে যেকোনো উপজেলার ব্যাংক শাখায় নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন উদ্যোক্তারা। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদনের সুযোগ পাবেন তারা।