বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬–২০২৮ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল বাতিল করেছে। বৃহস্পতিবার বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এ নির্দেশনা বেসিসের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনার কাছে পাঠানো হয়েছে। এর ফলে গত ৩০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাচন অনুষ্ঠিত হবে না।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নতুন সদস্য যোগদান ও সদস্য তালিকা যাচাই-হালনাগাদ করা জরুরি। মন্ত্রণালয়ের পরামর্শে বেসিসের সদস্যদের নিয়ে ৭ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করে অবিলম্বে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৬–২০২৮ মেয়াদি নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। পরে সংগঠনটি পুনর্বিন্যস্ত তফসিল ও আচরণবিধি প্রকাশ করে। সর্বশেষ ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর নির্বাচনে ১১টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হয়েছিল। মনোনয়নপত্র যাচাই শেষে গত ২৯ আগস্ট বেসিস নির্বাচন বোর্ড প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল।