ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে পরাজয়ের পর সিরিজের মাঝপথে সাতজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেটে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্কের মধ্যেই লন্ডনের ক্ল্যারেন্স হাউজে গতকাল আয়োজিত সাক্ষাৎ পর্বে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে পাকিস্তান দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশঙ্কা করছিল যে, বাদ পড়া খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে রাজপরিবারের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে কম উপস্থিতি দেখা দিতে পারে। একই সাথে, দলে ডাকা নতুন খেলোয়াড়রা এখনো ইংল্যান্ডে পৌঁছাননি এবং বাদ পড়া সাতজনের মধ্যে কয়েকজনকে আগেই দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব বিষয় বিবেচনা করেই পিসিবির পক্ষ থেকে তাদের সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে ক্রিকেটারদের জন্য পরিস্থিতি ছিল বেশ জটিল ও অস্বস্তিকর। আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে, সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আরও একজন ক্রিকেটার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা প্রত্যাখ্যান করেন। দ্য টেলিগ্রাফ সেই ক্রিকেটারের নাম উল্লেখ করেনি।

অনুষ্ঠানে রাজা চার্লস খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় পার করছে এমন পাকিস্তান দলকে উৎসাহিত করেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রাজাকে স্বাক্ষরিত ব্যাট উপহার দেন। এছাড়া পিসিবির চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রাজাকে একটি উপহার প্রদান করেন। সাধারণত ইংল্যান্ড সফরকারী ক্রিকেট দলগুলোকে রাজপরিবারের কোনো সদস্য বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে।