রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার কিশোর–কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপের মাধ্যমে ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের একটি নতুন সুবিধা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে অভিভাবকেরা যেকোনো স্থান থেকেই তাদের সন্তানকে বহনকারী উবার গাড়ির ভেতরের সরাসরি দৃশ্য পর্যবেক্ষণ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই সুবিধাটি কার্যকর হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির সকল এলাকায় এটি সম্প্রসারিত করা হবে।
উবারের তথ্য অনুযায়ী, টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইনগত বা অভিভাবক ব্যক্তিরাই ড্রাইভারের সেলফি ক্যামেরার মাধ্যমে গাড়ির অভ্যন্তরীণ ভিডিও লাইভ দেখতে পারবেন। অভিভাবক যখন ভিডিও দেখতে চাইবেন, তখন তাৎক্ষণিকভাবে চালক ও কিশোর যাত্রীর ফোনে নোটিফিকেশন পাঠানো হবে। শুধুমাত্র সংশ্লিষ্ট অভিভাবক বা আইনগত অভিভাবক ছাড়া অন্য কেউ এই ভিডিও এক্সেস করতে পারবেন না। যাত্রা শেষ হওয়ার সাথে সাথেই ভিডিও লাইভ দেখার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সময় ধারণকৃত ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকবে। তবে এতে এন্ড–টু–এন্ড এনক্রিপ্টেড প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। সাধারণত এন্ড–টু–এন্ড এনক্রিপশন ব্যবহার করলে প্রেরক ও নির্দিষ্ট প্রাপক ছাড়া অন্য কারও পক্ষে তথ্য দেখা সম্ভব হয় না, যাতে উবারের নিজস্ব কর্মকর্তারাও ভিডিও দেখতে পারবেন না। বিষয়টি নিয়ে উবারের মুখপাত্র এখনো কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কিশোর–কিশোরীদের জন্য টিনএজার অ্যাকাউন্ট চালু করে উবার। এই অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে কিশোররা উবারের সেবা নিতে পারে এবং অভিভাবকেরা তাদের যাত্রার বিস্তারিত তথ্য জানতে পারেন। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশেও এই অ্যাকাউন্ট সুবিধাটি সম্প্রসারিত করা হয়েছে।