যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পার্টেন বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়।
হাসপাতালে ভর্তি তিন পুলিশ সদস্যের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল এবং মৃত্যুর আশঙ্কা নেই। অন্য পুলিশ সদস্যের কী ধরনের আঘাত লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংবাদ সম্মেলনে হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানায়নি।
মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ জনগণের প্রতি মিনিয়াপোলিসের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তার সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পরে এ বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে।