মাদারীপুর জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন। অথচ একটি দল নির্বাচনে হেরে তার কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রলাপ বকছে।”

সংসদ সদস্য খোকন তালুকদার আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। মিথ্যা অপবাদ দিয়ে তাকে ছোট করা যাবে না।”

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ভালো কাজের সঙ্গে থাকুন, তারেক রহমানের উন্নয়নের সঙ্গে থাকুন। তাহলে বাংলাদেশের উন্নতি হবে এবং ভবিষ্যতে জনগণের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন, তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন।”

একই অনুষ্ঠানে তিনি বর্তমান ও অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “ফ্যাসিস্টদের বিদায় হয়েছে। বাংলাদেশের লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, খুন হয়েছেন। তাদের রক্তের প্রতি আমাদের সম্মান রাখতে হবে।”

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও র‍্যালিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা কৃষকদলের আহ্বায়ক ওলিউর রহমান দর্জি, সদস্য সচিব অ্যাডভোকেট অহিদুজ্জামান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন.