ভারতীয় সংগীতশিল্পী ও র্যাপার বাদশাহ ও অভিনেত্রী ইশা রিখি বিয়ের মাত্র পাঁচ মাস পর পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে তাঁরা এই তথ্য নিশ্চিত করেন। তবে বিচ্ছেদের পেছনের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি।
৩১ আগস্ট প্রকাশিত বিবৃতিতে দুজনই জানান, দীর্ঘ আলোচনা ও চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্তে আসা হয়েছে। কঠিন এই সময়ে গোপনীয়তা বজায় রাখারও অনুরোধ জানান তাঁরা। গত মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করা জোড়ার খবর শুরু থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। কিন্তু পাঁচ মাসের মধ্যেই সম্পর্কের ইতি টানার খবর ভারতীয় বিনোদন মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিচ্ছেদের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তিনি একটি সংক্ষিপ্ত বার্তা শেয়ার করেন—‘সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই।’ ওয়ামিকা তাঁর পোস্টে বাদশাহ বা ইশা রিখির নাম উল্লেখ না করায় মন্তব্যটির প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিচ্ছেদের খবরের ঠিক পরপরই পোস্টটি প্রকাশিত হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
কিছু ব্যবহারকারী পোস্টটির সঙ্গে বিচ্ছেদের ঘটনার যোগসূত্র খুঁজলেও অন্যরা সতর্ক করে বলেন, নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষাপট না জেনে শুধুমাত্র পোস্টের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো যুক্তিসঙ্গত নয়। এ বিষয়ে ওয়ামিকা গাব্বি এখন পর্যন্ত কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেননি। ফলে তাঁর একটি ছোট্ট বাক্যই বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের জন্ম দিচ্ছে।
ভারতীয় সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে বাদশাহ তাঁর গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই মিডিয়ার আলোচনায় থাকেন। হিন্দুস্তান টাইমস অবলম্বনে