নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে জেলায় সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে এবং তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের সঙ্গে রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ অস্ত্র ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের অস্ত্র উদ্ধারের পাশাপাশি এসব অস্ত্রের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটি চক্র মাদক ও অস্ত্রের সাম্রাজ্য গড়ে তুলেছিল। বর্তমানে তারা বিভিন্ন পরিচয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ অবস্থায় প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে এবং অপরাধীদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহাল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অন্যরা।