অভিনয়কে পাপ বা ভুল পেশা হিসেবে বিবেচনা করার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পী অভিনয় ছেড়ে যাওয়ায় এই মন্তব্য করেছেন তিনি। প্রভা জানান, শিল্প কোনো পাপ নয়; বরং এটি একটি পরিচয় ও সংস্কৃতি। একজন শিল্পীকে অবজ্ঞা করা সভ্যতার শিক্ষা নয় বলেও তিনি মনে করেন।

ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে প্রভা বলেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে, তবুও বলছি।’

তার মতে, শিল্পপ্রেমীরা সাধারণত শিক্ষিত ও সম্মানবোধ সম্পন্ন ব্যক্তি। অনেকের জন্য অভিনয়ই প্রধান আয়ের উৎস এবং রাতদিন তারা এই পেশাকে গুরুত্ব দিয়ে চলেছেন। তবে কারও ব্যক্তিগত বিশ্বাস বা সংস্কৃতিবোধের সাথে মিল না থাকলে পেশা পরিবর্তন করতে পারেন, কিন্তু শিল্পীদের ছোট করা যাবে না। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’ পাশাপাশি তিনি যোগ করেন, ‘আমি চাই, যারা আসবে, তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

প্রভা জানান, সম্প্রতি একজন অভিনেত্রী অভিনয় ছেড়ে দিয়েছেন। এর আগেও একজন অভিনেতা ধর্মীয় কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এসব ঘটনার প্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। এটা একটি সংস্কৃতি। আমি মনে করি, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তিনি সর্বশেষ একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। প্রভা জানান, সিনেমাটির কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। শিগগিরই আবার শুটিংক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর।