সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশ যোগ দিতে পারে কিনা, সেই বিষয়ে সরকারের আগ্রহকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এমন কোনো চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের দীর্ঘস্থায়ী পররাষ্ট্রনীতির ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অপরিহার্য বলে তিনি মনে করেন।

সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মক্কা প্যাক্ট নিয়ে তার মতব্য প্রকাশে আসিফ মাহমুদ বলেন, "তিনটি দেশের মধ্যে যে চুক্তিটি হয়েছে, সেখানে বাংলাদেশের যোগ দেওয়ার যে ইচ্ছা সরকারের আছে, সেটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। আমরা মনে করি, এটি যদি বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ (ফ্রুটফুল) চুক্তি হয়, তবে তা ভালো।"

চুক্তির সম্ভাব্য সুবিধা ও ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে দলের নিজস্ব পর্যায় থেকে গবেষণা চলছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "চুক্তির সুবিধা ও অসুবিধা (প্রজ অ্যান্ড কনস) মূল্যায়নে তারা নিজস্ব পর্যায় থেকে স্টাডি করছেন। একই সাথে চুক্তিতে থাকা তিনটি দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক স্টেকহোল্ডারদের সাথে কথা বলছেন।"

আন্তর্জাতিক রাজনীতিতে সতর্কতা বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, "বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কারো জন্য কোনো নির্দিষ্ট বলয়ে ঢুকে গিয়ে কখনোই কোনো সামরিক বা বাণিজ্যিক বোঝাপড়ায় যায়নি। আমাদের সবার সাথে সম্পর্ক রাখার যে দরজা, সেটা খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া প্রয়োজন।"

অন্য বাণিজ্যিক সহযোগীদের সাথে সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, "সব উদ্বেগ এড়িয়ে যদি আমরা কোনো ফলপ্রসূ সম্পর্কের দিকে যেতে পারি, তবে সেটি অবশ্যই ইতিবাচক।"