রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৯-এ। শততম গোল থেকে এখন আর মাত্র ১১ ধাপ দূরে ফরাসি তারকা। ঐ ১১ গোলটি করার জন্য তার সামনে আপাতত ১২ ম্যাচের একটি সুযোগ রয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কারের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ নভেম্বরের মধ্যে শততম গোলটি করতে হলে এমবাপ্পেকে খেলতে হবে নয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। তবে কেন এই ২ নভেম্বর তারিখটি? এই সময়সীমার পেছনে জড়িয়ে আছে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিশ্চিয়ান রোনালদোর একটি স্মরণীয় রেকর্ড।
২০১১ সালের ২ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লিওঁর বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। ওই ম্যাচে তার দ্বিতীয় গোলটি ছিল রিয়াল মাদ্রিদের জার্সিতে তার শততম। পর্তুগিজ তারকা ক্লাবের হয়ে নিজের ১০৫তম ম্যাচেই এই মাইলফলকটি স্পর্শ করেন।
কাকতালীয়ভাবে এমবাপ্পেও বর্তমানে রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন। কিন্তু যেখানে রোনালদো সেই পর্যায়ে শততম গোলটি করে ফেলেছিলেন, সেখানে এমবাপ্পে ১১ গোলে পিছিয়ে রয়েছেন। ফলে ম্যাচসংখ্যার হিসাবে রোনালদোর রেকর্ড ভাঙার সুযোগ এমবাপ্পের নেই। মার্কার কর্তৃক নির্ধারিত ২ নভেম্বরের লক্ষ্যটি মূলত তৃতীয় মৌসুমে রোনালদোর শতক ছোঁয়ার তারিখকে কেন্দ্র করে করা একটি সময়ভিত্তিক তুলনা। ওই দিনের আগেই যদি ১০০ গোল সম্পন্ন করেন, তবে অন্তত একই মৌসুমের সময়সীমায় রোনালদোকে পেছনে ফেলতে পারবেন এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার রেকর্ডটি এখনো রোনালদোর দখলে। অন্যদিকে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একটি ক্লাবের হয়ে দ্রুততম শতকের সামগ্রিক রেকর্ডটি এখন হ্যারি কেইনের দখলে। ২০২৫ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ১০৪ ম্যাচে ১০০ গোল করে ইংলিশ অধিনায়ক রোনালদো ও আর্লিং হলান্ডের ১০৫ ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দ্রুতগতিতে গোল করে চলেছেন এমবাপ্পে। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেন ৪৪ গোল, যার ৩১টি ছিল লা লিগায়। এই কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি জিতেছিলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পরের মৌসুমে চার প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ছিল ৪২টি। দল কোনো ট্রফি না পেলেও টানা দ্বিতীয়বারের মতো পিচিচি ট্রফি জেতেন তিনি।
নতুন মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক তাকে ৮৯ গোলের সমীকরণে নিয়ে এসেছে। এখন তার সামনে ১২ ম্যাচে ১১ গোল করার কঠিন সমীকরণ। নিজের পরিচিত গতিতে ছুটতে পারলে ২ নভেম্বরের আগেই রিয়ালের শত গোল ক্লাবে যোগ দিতে পারেন এমবাপ্পে।