উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ড্রয়ের দুই দিন পর এই সূচি ঘোষণা করা হলো। আগামী ৮ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে খেলবে রিয়াল। একই দিনে পোর্তোর মাঠে ম্যানচেস্টার সিটির খেলা। পরদিন ৯ সেপ্টেম্বর বার্সেলোনা আতিথ্য দেবে ফেইনুর্দকে। অ্যানফিল্ডে লিভারপুলের প্রতিপক্ষ আতলেটিকো মাদ্রিদ। ১০ সেপ্টেম্বর আজারবাইজানের সাবাহর বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এবারের লিগ পর্বে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে—চারটি ঘরের মাঠে, চারটি বাইরে। আট রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। নবম থেকে ২৪তম অবস্থানে থাকা দলগুলো খেলবে নকআউট পর্বের প্লে-অফ।

লিগ পর্ব চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রথম রাউন্ড ৮ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬, দ্বিতীয় রাউন্ড ১৩ ও ১৪ অক্টোবর, তৃতীয় রাউন্ড ২০ ও ২১ অক্টোবর, চতুর্থ রাউন্ড ৩ ও ৪ নভেম্বর, পঞ্চম রাউন্ড ২৪ ও ২৫ নভেম্বর, ষষ্ঠ রাউন্ড ৮ ও ৯ ডিসেম্বর, সপ্তম রাউন্ড ১৯ ও ২০ জানুয়ারি ২০২৭ এবং অষ্টম রাউন্ড ২৭ জানুয়ারি। শেষ রাউন্ডের সব ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হবে।

নকআউট পর্বের প্লে-অফ হবে ১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৭। শেষ ষোলো ৯, ১০, ১৬ ও ১৭ মার্চ। কোয়ার্টার ফাইনাল ৬, ৭, ১৩ ও ১৪ এপ্রিল। সেমিফাইনাল ২৭ ও ২৮ এপ্রিল এবং ৪ ও ৫ মে। ফাইনাল ৫ জুন ২০২৭।

ফাইনাল অনুষ্ঠিত হবে মাদ্রিদের আতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোয়। ২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করবে এই স্টেডিয়াম।