মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার খিলগাঁও গ্রামের ধানখেত থেকে শনিবার (২৯ আগস্ট) দুপুরে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কৃষকদের সহযোগিতায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

খিলগাঁও গ্রামের ধানক্ষেতে কাজ করার সময় দেবেন্দ্র ও সজল নামের দুই ব্যক্তি হঠাৎ তাদের পায়ে কিছু একটা চলাফেরা অনুভব করেন। নিচে তাকিয়ে তারা অজগর সাপটি দেখতে পান। পরপর বিষয়টি ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-কে জানানো হয়। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

প্রাণীটি উদ্ধারের পর এর ভবিষ্যৎ ব্যবস্থা সম্পর্কে সংগঠনটির নেতা বলেন, "উদ্ধার করা অজগর সাপটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সুবিধাজনক সময়ে সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে বা নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করবে।"

বন বিভাগের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে.