নেপালে হিমবাহধসজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ হয়েছে। এতে আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন এবং এখনো ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। দেশটির পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২১ জন বিদেশিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই দুর্যোগ থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি অঞ্জনা রাজা (৫২) ও পট্টাভিরামন ভেঙ্কটেশন (৫৬)। কাঠমান্ডুতে সিএনএনের প্রতিনিধি উইল রিপলিকে তারা জানান, পেশাদার গাইডের দ্রুত ব্যবস্থাপনার কারণেই তাদের প্রাণ রক্ষা পেয়েছে। বন্যা শুরু হওয়ার পরপরই গাইড তাদেরকে পাহাড়ের উঁচু নিরাপদ স্থানে নিয়ে যান। তারা বলেন, পাহাড় বেয়ে কাদা আর পানি ঠিক যেন ‘সুনামি’র মতো তীব্র গতিতে ধেয়ে আসছিল।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। নেপাল পুলিশের সাড়ে চার হাজারের বেশি সদস্য এবং সরকার মোতায়েন করা অতিরিক্ত ১ হাজার ২০০ সেনা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি চীনের একটি উদ্ধারকারী দল তিব্বতের ক্ষতিগ্রস্ত মূল এলাকায় পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

২০২৫ সালের আগস্টেও ওই অঞ্চলে একই ধরনের আকস্মিক বন্যা হয়েছিল। অতিরিক্ত তাপমাত্রার কারণে তিব্বতের একটি হিমবাহ-হ্রদ উপচে পড়লে সেখানে ৯ জন নিহত হয়েছিলেন। ওই সময় নেপাল ও চীনের মধ্যে যোগাযোগকারী একটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।