জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে অবৈধভাবে সার মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা ৭২ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে অভিযান চালায়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে গুদাম থেকে ৭২ বস্তা সার উদ্ধার করে জব্দ করা হয়। সার মজুতের কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন না দেখাতে পারায় ওই ব্যবসায়ী দুলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। জব্দকৃত সারগুলো কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, "কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুত, পরিবহন কিংবা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"