স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে ঘোষণা করেছেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হবে। বৃহস্পতিবার সংসদে রংপুর–৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নুরুল আমীন প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্যটি জানান।

তিনি জানান, পুলিশের জনবল বৃদ্ধিসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই পদগুলো সৃজিত হলে রংপুর জেলায়ও জনবল বৃদ্ধি পাবে।

যানবাহন প্রদানসংক্রান্ত বিষয়ে মন্ত্রী জানান, পুলিশের যানবাহন প্রদানসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো আগামী পাঁচ অর্থবছরে পর্যায়ক্রমে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা। যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা হবে। নবসৃষ্ট ইউনিট, জনবল ও কাজের পরিধি বিবেচনায় টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে মাঠপর্যায়ের ইউনিটগুলোয় প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে।