ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা তিনটায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন এবং দেশবিদেশের কয়েকটি ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠকের শুরুতেই চলতি অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন করা হয়। নির্বাচিত সদস্যরা হলেন—ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সারওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের মুজিবুর রহমান। সংসদ বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকার অগ্রবর্তী সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।
এরপর সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ মোট ১৪ বিশিষ্ট ব্যক্তির মৃত্যু এবং নেপালে আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় এই শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।