নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৭ জন। এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন আরও ৪০৩ জন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকদের সংখ্যাই সবচেয়ে বেশি; মোট ৩৪১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩৩ জন ভারতীয়, ৪৭ জন মার্কিন এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
দুর্যোগের প্রভাবে দেশটির বিদ্যুৎ খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর নেপালে এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।