চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক আলোচনা ও আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন চীন সফরে গেছেন। তিন দিনের এই সফরে গতকাল মঙ্গলবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন মাহদী আমিন। বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।