মিষ্টির প্রতি অনুরাগ থাকলে ঘরেই তৈরি করে নিতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু ছানা গাজরের লাড্ডু। এই বিশেষ রেসিপিটি দিয়েছেন অসিত কর্মকার।

প্রয়োজনীয় উপকরণ:
মিহি করে গ্রেট করা গাজর ১ কাপ, পানি ঝরানো ও ময়ান দেওয়া ছানা ১ কাপ, চিনি আধা কাপ (স্বাদ অনুযায়ী), ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ সিকি কাপ, সবুজ এলাচিগুঁড়া আধা চা-চামচ এবং সাজানোর জন্য ২ টেবিল চামচ বাদাম।

প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট ভেজে নিন, যাতে গাজরের কাঁচা গন্ধ চলে যায়। প্রয়োজনে সামান্য পানি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখুন এবং মাঝে মাঝে নাড়ুন যতক্ষণ না গাজর সেদ্ধ হয়।

গাজর নরম হয়ে এলে এতে ছানা ও চিনি মিশিয়ে দিন। চিনি গলে মিশ্রণটি কিছুটা পাতলা হয়ে আসবে। এরপর মাঝারি থেকে কম আঁচে অনবরত নাড়তে থাকুন। চিনি ও ছানার মিশ্রণ শুকিয়ে মাখা মাখা হতে শুরু করলে গুঁড়া দুধ ও এলাচিগুঁড়া মিশিয়ে দিন। নামানোর ঠিক আগে বাকি ঘি দিয়ে ভালো করে নাড়ুন।

মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে দলা পাকিয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিন। সবশেষে হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট লাড্ডু আকারে গড়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।