কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) এবং ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-১৫। এই ঘটনায় সামসুন নাহার নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ম ফারুক।
আটক সামসুন নাহার (১৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাকিরের ডেইল (কবরস্থান পাহাড়) এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। তল্লাশির সময় পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে আ ম ফারুক বলেন, "উদ্ধার করা অস্ত্রটির মালিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর ও অনুসন্ধান চালিয়েও এর সঙ্গে জড়িত কারও তথ্য মেলেনি।"
একই দিনে সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় র্যাবের অন্য একটি দল। সেখান থেকে সামসুন নাহারকে আটক করা হয়। পরবর্তীতে তার শয়নকক্ষের মাচার ওপর কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটক তরুণীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের উৎস অনুসন্ধানের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।