বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার সকালে নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বিমানবাহিনীর সদর দপ্তরে খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‍্যাঙ্ক পরিয়ে দেন। এই পদোন্নতির জন্য নৌবাহিনীর প্রধানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‍্যাঙ্ক পরিয়ে দেওয়ার এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।