দুই দফা নিম্নচাপের পর বৃষ্টি কমে যাওয়ায় আবারও বেড়েছে ভ্যাপসা গরম। গতকাল রাজধানীসহ দেশের কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তা গরম প্রশমনে তেমন প্রভাব ফেলেনি।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের তীব্রতা কমবে না। আগামী রোববারও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।