গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার নির্বাচনী এলাকায় ব্যাপক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর গোবিন্দগঞ্জের সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস করেন। এসময় বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয় এবং পথচারী ও ভোটারদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এই আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা, রফিকুল ইসলাম রফিকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পরবর্তীতে তারা স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার গ্রামের বাড়ি মহিমাগঞ্জেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ প্রসঙ্গে স্থানীয় মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, "আমরা অনেক আনন্দিত। আমরা এখন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারব প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে।"