এক দিনের চ্যালেঞ্জ কাপ বাতিল হওয়ার পর ২৪ আগস্ট ফেডারেশন কাপ দিয়ে ফুটবলের ঘরোয়া মৌসুম শুরুর কথা ছিল। কিন্তু সেই সময়সূচি বদলে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে শুরু হবে ২০২৬-২৭ মৌসুম। ফেডারেশন কাপ শুরু হবে ২২ সেপ্টেম্বর।

আগের সূচি অনুযায়ী ২৮ ও ২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড হওয়ার কথা ছিল। নতুন সময়সূচি দিয়ে বাফুফে বলেছে, কয়েকটি ক্লাবের অনুরোধেই মৌসুম শুরুর তারিখ পিছিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ১৭ আগস্ট ক্লাবগুলোর সঙ্গে বাফুফে সভাপতি এবং লিগ কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ মৌসুমের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ক্লাবগুলোর মতামত জানতে চেয়ে চিঠি দেওয়া হয় এবং কিছু ক্লাব ২০২৬-২৭ ফুটবল মৌসুমের খেলা শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়।’

নতুন সূচি ঘোষণার পরও মাঠে ঠিক কবে খেলা গড়াবে, সে বিষয়ে নিশ্চিত নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এর পেছনে বিভিন্ন কারণ উল্লেখ করা হয়। পাশাপাশি ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডো রয়েছে, ওই সময় জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা থাকে। জাতীয় দল ম্যাচ খেলা বা ক্যাম্প করা মানে ঘরোয়া খেলা স্থগিত থাকতে দেখা গেছে নিকট অতীতেও। এসব কারণে ঘরোয়া মৌসুম আগামী মাসে শুরু হবে—এটি জোর দিয়ে বলা যাচ্ছে না।

ক্লাবগুলোকে দেওয়া চিঠিতে বাফুফে আরও জানিয়েছে, জাতীয় দলের ক্যাম্প চলাকালীনও ঘরোয়া ফুটবল মাঠে থাকবে। তবে সেটি শেষ পর্যন্ত কার্যকর হলে সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের পক্ষে ঘরোয়া লিগে খেলা সম্ভব হবে না। একই চিঠিতে বাফুফে আরও বলেছে, জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হতে পারে ২৭ আগস্ট।’