বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তা প্রকাশ করে। এর আগে চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে।

গতকাল বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। আজ শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের মাধ্যমে তিনি দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়েছে, "বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

অন্যদিকে সুইজারল্যান্ড দূতাবাস তাদের পোস্টে লিখেছে, "বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড।"