বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র ১৫ মিনিটের মাথায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তা দেওয়া হয় এবং তার পরবর্তী ১৫ মিনিটের মধ্যেই একই ধরনের অভিনন্দন পোস্ট দেয় ব্রিটিশ হাইকমিশন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে চীনা দূতাবাস লিখেছে, "বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয় এবং নতুন এই যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণের বড় ধরনের উপকার হয়।"
একই সাথে ব্রিটিশ হাইকমিশন তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করেছে, "বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।"