রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদের ৩৫০ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার আগে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে এক প্রতিক্রিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেন, বিএনপি এই নির্বাচন আয়োজন করতে তড়িঘড়ি করেছে। তিনি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারিত, এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই।"
গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে অলি আহমদ বলেন, "কোনো সংসদ সদস্য তাঁর ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন না, এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত। কর্তার ইচ্ছাই কর্ম হবে, দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলা হবে, সেখানেই ভোট দিতে হবে।"
সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রভাব উল্লেখ করে তিনি বলেন, "সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ দলের মতামতের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না। বিএনপি ক্ষমতায় আসলে তাদের ৩১ দফা অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা বলেছিল।"
নির্বাচনের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, তবে বিএনপি কেন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছে, তা জানা নেই। তারা হয়তো মনে করছে সংশোধন না করে নির্বাচন করলে তাদের প্রার্থী জয়লাভ করবে আর সংশোধন হয়ে গেলে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে।"
জনমত ও জরিপের কথা উল্লেখ করে এলডিপি সভাপতি দাবি করেন, "অনেক সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ ভাগ লোক তাঁর পক্ষে ভোট দিয়েছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ থেকে ৩০ ভাগ লোক ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছে।"
রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করে অলি আহমদ বলেন, "বঙ্গভবনে তিনটি মাজার ও একটি মসজিদ আছে। এসব মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই।" তবে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, "২০২৪ সালের গণ–অভ্যুত্থানে সুশাসন ও জবাবদিহির জন্য অনেক ছেলে-মেয়ে জীবন দিয়েছে। সব ক্ষেত্রে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না।"
বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এলডিপি ও ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে অলি আহমদ বলেন, "একসাথে অনেক দিন কাজ করেছি; আপনার কাছ থেকে আমরা কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে।" জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সুশাসন ও সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।