চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি।

স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা যুগ্ম সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে। একই আদেশে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে যে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সে বছরের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলম চৌধুরীকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর দায়িত্ব পালনকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। তবে সে সময় জাহাঙ্গীর আলম এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

এই বিষয়ে মুক্তকণ্ঠকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি বলেন, "সরকারি চাকরিতে বদলি একটি চলমান প্রক্রিয়া। শুধু চট্টগ্রাম নয়, বিভাগে কুমিল্লাতেও সিভিল সার্জনের ওএসডির আদেশ হয়েছে। পাশাপাশি ঢাকা ও ময়মনসিংহতেও আদেশ হয়েছে বলে খবর পেয়েছি।"